মাগুরা প্রতিনিধি: মাগুরা শহরের জামরুলতলা এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগের জেলা কার্যালয় উদ্বোধনের মাত্র পাঁচ মিনিটের মধ্যেই অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল প্রায় চারটার দিকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক হিরোকের নেতৃত্বে ১০–১২ জন নেতাকর্মী জামরুলতলায় দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন। এ সময় পতাকা উত্তোলন ও দোয়ার মাধ্যমে দলীয় কার্যক্রম শুরুর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
তবে উদ্বোধনের কয়েক মিনিটের মধ্যেই কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, এ ঘটনায় বিএনপির কিছু নেতাকর্মী জড়িত থাকতে পারেন।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে জেলা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক হিরোক, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া সুলতানা এবং আওয়ামী লীগ কর্মী ওসমান মিয়াকে আটক করে।
এ সময় সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সুলতানা, মীর রেজাউল ইসলামসহ স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, হঠাৎ কয়েকজন জামরুলতলায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হয়ে পতাকা উত্তোলন ও দোয়া করে দ্রুত সেখান থেকে চলে যায়। যেহেতু সরকারিভাবে তাদের দলীয় কার্যক্রম স্থগিত রয়েছে, তাই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে তিনজনকে আটক করা হয়েছে।





