মাগুরা প্রতিনিধি: নবনির্বাচিত সংসদ সদস্য (মাগুরা-১) মো. মনোয়ার হোসেন খাঁনকে সংবর্ধনা এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।


“ডায়াবেটিসকে জানুন, ব্যবস্থা নিন” প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) মাগুরা ডায়াবেটিক সমিতির সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খাঁন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ডা. মো. কামরুল হাসান, অধ্যক্ষ, মাগুরা মেডিকেল কলেজ; ডা. মো. শামীম কবীর, সিভিল সার্জন, মাগুরা; ডা. মো. মোহসিন উদ্দিন, তত্ত্বাবধায়ক, ২৫০ শয্যার হাসপাতাল, মাগুরা এবং ডা. দেবাশিস বিশ্বাস, সহকারী অধ্যাপক, মাগুরা মেডিকেল কলেজ। এছাড়া অনুষ্ঠানে সমিতির কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, চিকিৎসক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


মুখ্য আলোচক হিসেবে ডা. মো. মেহেদী হাসান, কনসালট্যান্ট (মেডিসিন), ২৫০ শয্যার হাসপাতাল, মাগুরা ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম ও চিকিৎসকের পরামর্শ মেনে চললে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।


সভায় সভাপতিত্ব করেন মো. মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরা। বক্তারা বলেন, ডায়াবেটিস একটি নীরব ঘাতক রোগ। সময়মতো শনাক্তকরণ ও সচেতনতার মাধ্যমে এর জটিলতা অনেকাংশে কমানো সম্ভব।


অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়। পরে ডায়াবেটিস সচেতনতা বৃদ্ধিতে একটি র‍্যালি বের করা হয়।