ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২১ জুলাই) এক শোকবার্তায় বিএনপির শীর্ষ এই দুই নেতা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। একই সঙ্গে সন্তান হারানো ও আহত স্বজনদের নিয়ে শোকার্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান তাঁরা। তারা বলেন, “মহান আল্লাহপাক যেন এসব শোকাহত পরিবারকে এই বিপর্যয় সহ্য করার শক্তি দেন।”
বেগম খালেদা জিয়া ও তারেক রহমান বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা হাসপাতালে চিকিৎসাধীন, তাদের সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে দলের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।
দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন তারা। একইসঙ্গে আহতদের জন্য রক্ত সংগ্রহ ও হাসপাতালে স্বেচ্ছাসেবী সেবা কার্যক্রমে অংশ নিতে আহ্বান জানিয়েছেন বিএনপি নেত্রী ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
বিমান দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।
এছাড়াও দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স বহর দুর্ঘটনাস্থলে পাঠানো হয়, যা আহতদের তাৎক্ষণিক সেবায় সক্রিয়ভাবে কাজ করছে।
প্রসঙ্গত, দুর্ঘটনার পর থেকেই বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে ঘটনাস্থলে এবং হাসপাতালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমে অংশ নিচ্ছেন। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন এবং নির্দেশনা দিচ্ছেন বলেও জানিয়েছে দলীয় সূত্র।





