মাইলস্টোন ট্র্যাজেডির প্রায় সাড়ে তিন মাস পর কুমিল্লার চৌদ্দগ্রামের ১০ বছর বয়সী যমজ দুই বোন সারিনাহ জাহান সায়রা ও সাইবাহ জাহান সায়মা বাড়ি ফিরেছেন। তারা এ সময় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।
বুধবার (১২ নভেম্বর) সকালে ইনস্টিটিউটের পরিচালকের কার্যালয়ে যমজ দুই শিশুকে বিদায় জানান হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা।
চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের ইয়াসিন মজুমদারের মেয়ে এই দুই শিশু। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়েছিলেন তারা। সায়রা ৩০ শতাংশ এবং সায়মা ১৫ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হন।
দুই শিশুর বাবা ইয়াসিন মজুমদার ও মা আকলিমা আক্তার হাসপাতাল কর্তৃপক্ষের আন্তরিকতা এবং সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় মোট ৩৬ জন নিহত এবং ১২৪ জন আহত হন। তদন্ত কমিটি এই দুর্ঘটনার জন্য যুদ্ধবিমানের পাইলটের উড্ডয়ন-ত্রুটি দায়ী হিসেবে চিহ্নিত করেছে।





