রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় সন্তান হারানো অভিভাবকরা মঙ্গলবার (১২ আগস্ট) সকাল থেকে স্কুলের সামনে আট দফা দাবিতে মানববন্ধন করেছেন। তারা দ্রুত ও সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানান এবং একই সঙ্গে ক্ষতিপূরণসহ বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন।

২১ জুলাই মাইলস্টোন স্কুল ক্যাম্পাসের হায়দার আলী ভবনের পাশে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ ৩৪ জন নিহত হন, যাদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ছিলেন। অনেক আহত এখনও রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

মানববন্ধনে অভিভাবকরা বলেন, সন্তানদের আর ফিরিয়ে আনা সম্ভব না হলেও এই ঘটনার জন্য দায়ীদের বিচার প্রয়োজন। তারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধ, কোচিং বাধ্যতামূলক করা বন্ধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিরাপদ স্থানে স্থানান্তরের দাবি জানান। পাশাপাশি দ্রুত দাবি বাস্তবায়ন না হলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এদিকে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত কর্নেল নুরুন নবী দাবি করেছেন, শিক্ষা অধিদফতরের নিয়ম অনুসারে বাড়তি ক্লাস পরিচালনা করা হয়। তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কাউন্সিলিং, শোকসভা এবং মানসিক সহায়তা কার্যক্রমও চলছে।