রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আয়মান (১০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শুক্রবার (২৫ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এফএইচডিইউ) তার মৃত্যু হয়।
শিশু আয়মান শরীয়তপুর জেলার বেদরগঞ্জ থানার বাসুদেবপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে। গুরুতর দগ্ধ অবস্থায় গত সোমবারই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আয়মানের শরীরের প্রায় ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী, যাদের মধ্যে অনেকেই দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন। আয়মান তাদের একজন ছিল। তার মৃত্যুতে স্কুলে ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।





