উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছে বিএনপির একটি প্রতিনিধিদল।

শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে রাজধানীর ঢাকা সেনানিবাসে তৌকিরের বাসভবনে যান দলটির নেতারা।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।

তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ তৌকিরের পরিবারকে শোক ও সমবেদনা জানান।

এ সময় তৌকিরের স্ত্রী আকশা আহম্মেদ নিঝুম, শ্বশুর-শাশুড়িসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত সোমবার উত্তরার মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরসহ অন্তত ৩৩ জন নিহত হন, যাদের অধিকাংশই স্কুলের শিক্ষার্থী। ঘটনাটি দেশের সামরিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।