রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন মাকিন সরকার নামে আরও এক শিক্ষার্থী মারা গেছেন।
আজ শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
এর আগে সকালে সাড়ে ৯টার দিকে একই ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ১০ বছর বয়সী শিক্ষার্থী আয়মান। তার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
এ নিয়ে মাইলস্টোন দুর্ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১৫ জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ১ জনসহ মোট ১৬ জনের মৃত্যু হলো।
উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ এই সামরিক বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে অধিকাংশই শিশু শিক্ষার্থী।





