ঢাকা, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস): বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানার এলাকায় আসাদুল হক বাবু নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে মামলায় তার এই রিমান্ড মঞ্জুর করা হয়।
আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান সাত দিনের রিমান্ডের আবেদন করলে, ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক শরীফুজ্জামান শরীফ বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন। এর আগে রোববার রাজধানীর গুলশান থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার পাকা রাস্তার ওপর আন্দোলনে অংশ নেন ২৪ বছর বয়সী আসাদুল হক বাবু। দুপুর আড়াইটার দিকে আসামিদের ছোড়া গুলি তার বুকে ও ডান পায়ে লাগে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





