মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ৪৮তম বিসিএসের ৭ জন তরুণ চিকিৎসক নতুনভাবে যোগদান করেছেন। নতুন ও পুরাতন মিলিয়ে বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসকের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। এতে করে দ্বীপাঞ্চলের মানুষের মধ্যে সহজ ও মানসম্মত চিকিৎসা সেবা পাওয়ার আশাবাদ সৃষ্টি হয়েছে।


নতুন যোগদানকৃত চিকিৎসকদের মধ্যে পাঁচজনের বাড়ি মহেশখালী উপজেলায়। অপর দুইজন পার্শ্ববর্তী উপজেলা পেকুয়া ও বাঁশখালী-এর বাসিন্দা। তাঁদের যোগদানকে স্বাগত জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।


এক সপ্তাহ আগে হাসপাতালে গর্ভবতী মায়েদের সিজারিয়ান অপারেশন ও জেনারেল সার্জারি সেবা চালু হয়েছে। নতুন চিকিৎসকদের সংযুক্তির মাধ্যমে এ সেবার পরিধি আরও সম্প্রসারিত হবে বলে আশা করছেন স্থানীয়রা। বিশেষ করে দরিদ্র ও অসহায় রোগীরা এখন নিজ এলাকায় উন্নত চিকিৎসা পাবেন বলে মনে করছেন তারা।


নতুন যোগদানকারী চিকিৎসকরা হলেন ডা. শাহরিয়ার চৌধুরী রিফাত (বাঁশখালী), ডা. আবু জর গিফারী (পেকুয়া), ডা. রোকন উদ্দিন (ছোট মহেশখালী), ডা. আরমান কাদের (মাতারবাড়ী), ডা. আরিফুল ইসলাম (কালারমারছড়া), ডা. এ আর এম ফয়জান কিবরিয়া (হোয়ানক) ও ডা. উম্মে সিজরাতুন তানবিন (হোয়ানক)। বর্তমানে হাসপাতালে সরাসরি কর্মরত মহিলা চিকিৎসকের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।


এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. মাহাফুজুল হক জানান, নবযোগদানকৃত সবাই মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং উচ্চতর প্রশিক্ষণ কোর্সে অধ্যয়নরত আছেন। তিনি আশা প্রকাশ করেন, তাঁদের মাধ্যমে হাসপাতালের চিকিৎসা সেবার মান আরও একধাপ এগিয়ে যাবে। পাশাপাশি সেবার মান বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।


স্থানীয় জনগণের প্রত্যাশা নতুন এ তরুণ চিকিৎসকরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী দিন-রাত দায়িত্ব পালন করে মহেশখালীর মানুষের আস্থা ও হাসপাতালের সুনাম আরও বৃদ্ধি করবেন।