হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) গণিত বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী দিপু রায় (আইডি: ১৮০৮২০২) সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে নিয়ে অবমাননাকর ও কটূক্তিমূলক মন্তব্য করায় ক্যাম্পাসজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, গত ১৪ আগস্ট ফেসবুক অ্যাকাউন্ট এমএসটি সুর্বণা আক্তার থেকে দিপু রায়ের সঙ্গে ব্যক্তিগত কথোপকথনের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, পূর্বে প্রেমের সম্পর্ক থাকা ওই আলোচনায় দিপু রায় বিয়েতে অস্বীকৃতি জানানোর পাশাপাশি ইসলাম ধর্ম ও প্রিয় নবী (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন।

এ ঘটনায় শিক্ষার্থী ও শিক্ষক সমাজে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তারা জানান, এই মন্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার পাশাপাশি সমাজে বিদ্বেষ ও বিভাজন ছড়ানোর উসকানি দিয়েছে। অনেকে দিপু রায়ের কঠোর শাস্তি দাবি করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টিকে গুরুত্ব দিয়ে পদক্ষেপ নেয়। ১৫ আগস্ট প্রশাসনের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে অভিযুক্ত দিপু রায়কে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে আছেন এবং তদন্ত চলছে।

বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র বলেন, “আমরা ধর্মীয় সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও আইনশৃঙ্খলা বজায় রাখার পক্ষে। এ ধরনের আচরণ বিশ্ববিদ্যালয়ের নীতিমালার পরিপন্থী ও সমাজবিরোধী। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করছি।”