আখাউড়া প্রতিনিধিঃবাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনগুলোর কোচ বিন্যাসে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৭০৪ মহানগর প্রভাতী ও ৭৪১ তূর্ণা এক্সপ্রেস ট্রেনে ব্যবহৃত পুরনো কোরিয়ান কোচগুলো পরিবর্তন করে নতুন কোরিয়ান কোচ সংযোজন করা হয়েছে।

রেলওয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ (১০ মার্চ) থেকে ৭৪১ তূর্ণা এক্সপ্রেস নতুন কোরিয়ান কোচের রেকে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এর মাধ্যমে দীর্ঘদিনের ব্যবহৃত কোচগুলো পর্যায়ক্রমে অন্য ট্রেনে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।

এই পরিবর্তনের অংশ হিসেবে ৭০৪/৭৪১ মহানগর প্রভাতী ও তূর্ণা এক্সপ্রেসে আগে ব্যবহৃত কোরিয়ান কোচগুলো এখন ৭২১/৭২২ মহানগর এক্সপ্রেস ট্রেনে সংযোজন করা হবে। ফলে আজ মহানগর এক্সপ্রেস শেষবারের মতো ইনকা কোচে চলাচল করছে। আগামীকাল থেকে ট্রেনটি নতুন কোরিয়ান কোচে পরিচালিত হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, মহানগর এক্সপ্রেসে ব্যবহৃত ইনকা কোচগুলো স্থানান্তর করা হবে ৮২১/৮২২ প্রবাল এক্সপ্রেস এবং ৮২৩/৮২৪ সৈকত এক্সপ্রেস ট্রেনে। এর মাধ্যমে ওই দুই ট্রেনের রেকও পরিবর্তিত হবে।

রেলওয়ের এই কোচ পুনর্বিন্যাসের ফলে কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তঃনগর ট্রেনে নতুন কোচ যুক্ত হলেও কিছু ট্রেনের বর্তমান অবস্থা নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ রয়েছে। বিশেষ করে ৮০১/৮০২ চট্টলা এক্সপ্রেস ও ৭১১/৭১২ উপকূল এক্সপ্রেস ট্রেনের কোচের বেহাল দশা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ থাকলেও সেগুলোর উন্নয়নে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে যাত্রীদের অভিযোগ।

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ধাপে ধাপে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের কোচ আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে এবং পর্যায়ক্রমে এসব সমস্যার সমাধান করা হবে।