মোঃ জাফর আলী, নাটোর প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস–২০২৬ উদযাপন উপলক্ষে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) সকাল ১১টায় বড়াইগ্রাম উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দিবস দু’টি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর। এছাড়া উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ লুৎফর রহমান, আশরাফ আলী, বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) মাহাবুব রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ বলেন, মহান স্বাধীনতার পেছনে বাঙালি জাতির অসংখ্য ত্যাগ ও আত্মদান রয়েছে। ২৫ মার্চের গণহত্যা আমাদের ইতিহাসের এক বেদনাবিধুর অধ্যায়। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দিতে দিবসগুলো যথাযথ মর্যাদায় পালন করা প্রয়োজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, দিবস দু’টি যথাযথ মর্যাদায় পালনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সমন্বিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
এ সময় বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) মাহাবুব রহমান বলেন, দিবস দু’টি উপলক্ষে আয়োজিত সব কর্মসূচিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
সভায় ২৫ মার্চ গণহত্যা দিবসে শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।





