ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সম্প্রতি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের টিনশেড মসজিদ উদ্বোধন করে নিজেই নামাজের ইমামতি করেন। তার ইমামতির একটি ছবি সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

তবে ছবিটি আজকের নয় বলে জানিয়েছেন হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক শাহ। তিনি বলেন, “উক্ত ছবিটি গত ১৭ জুলাই তোলা, যেদিন উপাচার্য টিনশেড মসজিদ উদ্বোধন করেন এবং নিজে ইমামতি করেন। বর্তমানে উপাচার্য ছয় দিনের জাপান সফরে রয়েছেন।”

প্রাধ্যক্ষ আরও জানান, “জহুরুল হক হলে তিনটি মসজিদ রয়েছে। ভাইরাল হওয়া ছবিটি টিনশেড মসজিদের। আমাদের প্রধান মসজিদটি আগামী শুক্রবার বড় পরিসরে উদ্বোধন করা হবে।”

উল্লেখ্য, উপাচার্যের ইমামতির এ ঘটনা সামাজিক মাধ্যমে প্রশংসিত হলেও ছবির সময় ও প্রেক্ষাপট সম্পর্কে বিভ্রান্তি দেখা দেয়, যা কর্তৃপক্ষ পরে স্পষ্ট করে।