মরক্কোর উপকূলীয় প্রদেশ সাফিতে হঠাৎ ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই খবর জানিয়েছে।
রাষ্ট্রীয় মালিকানাধীন সম্প্রচারক এসএনআরটি নিউজ সোমবার (১৫ ডিসেম্বর) জানিয়েছে, রোববার (১৪ ডিসেম্বর) হঠাৎ বৃষ্টি হওয়ার পর কমপক্ষে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে দুজনকে নিবিড় পরিচর্যা ইউনিটে রাখা হয়েছে।
সাফি শহরের রাস্তা এবং আবাসিক এলাকায় কাদাযুক্ত পানির স্রোতে গাড়ি ও আবর্জনার বাক্স ভেসে যাচ্ছে, যা সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা গেছে। সাফি শহর মরক্কোর রাজধানী রাবাত থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র এক ঘণ্টার বৃষ্টিপাতেই ঐতিহাসিক পুরনো শহরের কমপক্ষে ৭০টি বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। স্থানীয় সরকার অনুসন্ধান ও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় সুরক্ষা ও বাসিন্দাদের সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।





