সারাদেশের মতো ময়মনসিংহেও শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় আনুষ্ঠানিকভাবে ভোট নেওয়া শেষ হয়। এর পরপরই কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স খুলে গণনা শুরু হয়েছে।


প্রতিটি বুথে সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং প্রার্থীদের এজেন্টরা প্রিজাইডিং কর্মকর্তার উপস্থিতিতে ভোট গণনার কাজ শুরু করেন।


বিকেলে নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে বিগ্রেডিয়ার জেনারেল মালিক শামস উদ্দিন মোহাম্মদ মঈন বলেন, বেসামরিক প্রশাসন যতক্ষণ পর্যন্ত পরিস্থিতিকে সম্পূর্ণ নিরাপদ মনে না করবে, ততক্ষণ সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে।


সকাল ৭টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়। দিনভর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনের ১ হাজার ৩৬৫টি কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।