ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষার সুরক্ষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, \"প্রয়োজনে আবার ভাষা আন্দোলন হবে, কিন্তু মাতৃভাষাকে রক্ষা করতেই হবে।\"
\r\nবৃহস্পতিবার (২৪ জুলাই) কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তমকুমারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ভাষা ও সংস্কৃতির ওপর ‘ভাষা-সন্ত্রাস’ চলছে বলে দাবি করে মমতা বলেন, বাংলাভাষী মানুষের ওপর এখন অত্যাচার চলছে।
\r\nতিনি বলেন, \"মহানায়ক উত্তমকুমার আমাদের সংস্কৃতির গর্ব, জাতির গর্ব। প্রতি বছর আমরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করি।\"
\r\nবাংলা ভাষার গুরুত্ব তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, \"বিশ্বজুড়ে প্রায় ৩০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলেন। সংখ্যার বিচারে এটি পৃথিবীতে পঞ্চম ও এশিয়ায় দ্বিতীয় স্থানীয় ভাষা। অথচ আজ বাংলা ভাষায় কথা বলার জন্য মানুষকে জেলে যেতে হচ্ছে, দেশান্তরী হতে হচ্ছে।\"
\r\nমমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ভাষা, সভ্যতা ও সংস্কৃতি—এই তিনটি জাতির মেরুদণ্ড। শিশু যেমন প্রথম ‘মা’ বলতে শেখে, তেমনি আমরা মাতৃভাষায় কথা বলা শিখি। সেই ভাষার ওপর এখন সন্ত্রাস চলছে। সমাজকে জাগ্রত করতে হবে। দরকার হলে আরেকটা ভাষা আন্দোলন গড়ে তোলা হবে।”
\r\nবাংলা চলচ্চিত্র ও সংগীতের শিল্পীদের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, \"বাংলা ভাষাকে অবহেলা করবেন না। অন্য ভাষাকে অসম্মান করতে বলছি না, তবে বাংলায় যাঁরা গান গাইছেন বা কাজ করছেন, তাঁদের আরও গুরুত্ব দিন। সব ভাষার মধ্যে সম্মিলনে ঐক্য ও সম্প্রীতি গড়ে উঠুক।\"
\r\nতিনি আরও বলেন, “বাংলার উন্নয়ন দেখে কেউ কেউ ভয় পেয়ে বঞ্চনার রাজনীতি করছেন। বাংলা ভাষা যে রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্কিমচন্দ্রের ভাষা, যে ভাষায় জাতীয় সঙ্গীত লেখা হয়েছে—সেই ভাষার ওপর আজ আঘাত আসছে কেন? বাংলার মানুষ যদি বাংলা বলার অপরাধে বাইরে গ্রেপ্তার হন, তবে এই আন্দোলন দিল্লি পর্যন্ত গড়াবে।”
\r\nমমতার সাফ বার্তা, “বাংলার মাটি দুর্বৃত্তদের হবে না। বাংলার সংস্কৃতি, ভাষা, ইতিহাস ও সম্মান রক্ষায় প্রয়োজনে আবারও সংগ্রাম হবে।”





