মুক্তিযোদ্ধাদের অপমান করার মতো কোনো মব সৃষ্টি বরদাস্ত করা হবে না বলে জানিয়েছে সেনাসদর। তারা বলেছে, মব সহিংসতা দমনে সেনাবাহিনী কাজ করছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সেনাসদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সম্প্রতি টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় হামলার প্রসঙ্গে প্রশ্নের জবাবে এ মন্তব্য আসে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ডাকসু নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সম্পৃক্ততা নেই। স্বার্থান্বেষী মহল সেনাবাহিনী নিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছে। সেনাবাহিনী চায় নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হোক, যাতে গণতন্ত্রের পথ সুগম হয়।
এ ছাড়া সেনাবাহিনী জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা অনুযায়ী তাদের দায়িত্ব পালন করবে। তবে এখনো এ বিষয়ে কোনো নির্দেশনা পায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীকে নিয়ে মিথ্যাচারের বিষয়েও সতর্ক করা হয়। বাহিনীটির দাবি, দেশের বাইরে থেকে গুজব ও প্রোপাগান্ডা চালানো হলে সরকার ব্যবস্থা নেবে, একই সঙ্গে জনগণও তার জবাব দেবে। আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনাও আইনশৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে বলেও জানায় সেনাসদর।





