উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সোমবার মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত ৪০০ থেকে ৫০০টি ঘর পুড়ে গেছে। রাত প্রায় ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ১৬ নম্বর ক্যাম্পের ডি-৪ ব্লকের ব্র্যাক পরিচালিত একটি লার্নিং সেন্টার থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যেই আগুন পাশের বসতঘর ও শেডগুলোতে ছড়িয়ে পড়ে। গভীর রাতে আগুন লাগায় ক্যাম্পের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই জীবন রক্ষার জন্য নিরাপদ স্থানে চলে যান।
উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, “আগুন লাগার খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই সময়ের মধ্যে অন্তত ৪০০–৫০০টি ঘর পুড়ে গেছে।”
এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণে কী পরিমাণ ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা নিশ্চিতভাবে বলা সম্ভব হয়নি।
উল্লেখ্য, রোহিঙ্গা ক্যাম্পে সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এর আগে ২৬ ডিসেম্বর সকালে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতাল পুড়ে গেছে। তার আগের দিন, ২৫ ডিসেম্বর রাতে কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে আগুনে ১০টিরও বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়। বারবার এ ধরনের অগ্নিকাণ্ডে ক্যাম্পের নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে সাধারণ রোহিঙ্গাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।





