রোববার (৩১ আগস্ট) সকালে দিল্লি থেকে ইন্দোরগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে মাঝ আকাশে আগুনের ঘটনা ঘটেছে। উড্ডয়নের কিছুক্ষণ পরেই ফ্লাইট এআই ২৯১৩-এর ডানদিকের ইঞ্জিনে আগুন দেখা দেয়। ককপিট ক্রু দ্রুত ইঞ্জিনটি বন্ধ করে বিমানটিকে জরুরি ভিত্তিতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন।
এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানান, “বিমান নিরাপদে দিল্লিতে অবতরণ করেছে। সব যাত্রী ও ক্রু সুরক্ষিত রয়েছেন। বিমান আপাতত পরিদর্শনের জন্য গ্রাউন্ডেড করা হয়েছে এবং যাত্রীদের বিকল্প বিমানে ইন্দোর পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। আমরা যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছি। যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়ার দুটি ইঞ্জিনের মধ্যে একটিতে আগুন লাগার কারণে বিমান কিছুক্ষণ ভেসে থাকতে পেরেছে। পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিমানটি ফিরিয়ে আনার কারণে বড় কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
এর আগে ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডন-গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের দুর্ঘটনায় ২৬০ জনের মৃত্যু ঘটে। সেই ঘটনার পর থেকে সংস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।





