ফরিদপুরের মধুখালীতে চাঁদাবাজির অভিযোগে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে মধুখালী থানা পুলিশ। অভিযুক্ত ব্যক্তি নিজেকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে চাঁদা আদায় করতেন।
গ্রেপ্তার ব্যক্তি হলেন নওপাড়া ইউনিয়নের আগলাপাড়া গ্রামের আক্কাস আলী শেখের ছেলে মো. ইদ্রিস আলী (২৫)। মধুখালী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) রাত আনুমানিক ১২টার দিকে নওপাড়া ইউনিয়নের খইতলা ব্রিজ পশ্চিম পাশের ইটের সড়কে তিনি দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছিলেন।
স্থানীয়দের সন্দেহ হলে তারা ঘটনাস্থলে গিয়ে মো. ইদ্রিস আলীকে আটক করে। পরে মধুখালী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে জিজ্ঞাসাবাদ করে। তার দেহ তল্লাশি করে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মাসুদ জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে, ইদ্রিস আলী দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে মাদকের মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন।
ওসি ফকির মোহাম্মদ তাইজুর রহমান বলেন, “তিনি ডিবি পুলিশের পরিচয় ব্যবহার করে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন। তাকে ইয়াবাসহ আটক করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”





