চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী মঙ্গলবার, ২৯ এপ্রিল। সৌদি আরবে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এ বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী রওনা হবেন।

\r\n

প্রথম দিনেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ২টা ১৫ মিনিটে প্রথম ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানা গেছে।

\r\n

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সূত্রে জানা গেছে, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৫,২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। হজ ফ্লাইট পরিচালনায় প্রস্তুত রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ মোট তিনটি এয়ারলাইনস। হজ ফ্লাইট চলবে আগামী ৩১ মে পর্যন্ত।

\r\n

এদিকে, ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাইয়ের মধ্যে।

\r\n

উল্লেখ্য, হিজরি ১৪৪৬ সনের ৯ জিলহজ, অর্থাৎ চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৪ বা ৫ জুন ২০২৫ তারিখে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

\r\n

২০ ভাষায় অনূদিত হবে হজের খুতবা

\r\n

এবারও আরাফাতের ময়দানে মসজিদে নামিরা থেকে প্রদত্ত পবিত্র হজের খুতবা বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি সম্প্রচারিত হবে। সেই সঙ্গে তাৎক্ষণিকভাবে ২০টি ভাষায় অনুবাদ করা হবে।

\r\n

যেসব ভাষায় খুতবা অনুবাদ হবে সেগুলো হলো: বাংলা, ফরাসি, মালয়, উর্দু, ফারসি, চাইনিজ, তুর্কি, রাশিয়ান, হাউসা, ইংরেজি, সুইডিশ, স্প্যানিশ, সোয়াহিলি, আমহারিক, ইতালিয়ান, পর্তুগিজ, বসনিয়ান, মালায়লাম, ফিলিপিনো ও জার্মান।