কানাডার ভ্যাঙ্কুভার বিমানবন্দরে মদের গন্ধ পাওয়ার পর এয়ার ইন্ডিয়ার এক পাইলটকে আটক করা হয়েছে। তিনি দিল্লিগামী একটি ফ্লাইট পরিচালনার দায়িত্বে ছিলেন। ঘটনায় ফ্লাইটটি বিলম্বিত হয়। খবরটি জানিয়েছে অনলাইন এনডিটিভি।
ঘটনাটি ২৩ ডিসেম্বর, বড়দিনের ঠিক আগে ঘটে। ডিউটি ফ্রি দোকানের একজন কর্মী কানাডিয়ান কর্তৃপক্ষকে সতর্ক করেন যে, তিনি পাইলটকে মদ পান করতে দেখেছেন অথবা মদের গন্ধ পেয়েছেন। পরে কর্তৃপক্ষ ব্রেথ অ্যানালাইজার পরীক্ষার মাধ্যমে তার সক্ষমতা যাচাই করে। পাইলট অকৃতকার্য হওয়ায় তাকে আটক করা হয়।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, কানাডিয়ান কর্তৃপক্ষ তার দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করলে তাকে আটক করা হয়। ফ্লাইট AI-186 শেষ মুহূর্তে বিলম্বিত হয় এবং ককপিট ক্রুর একজন সদস্যকে উড্ডয়নের আগে নামানো হয়। নিরাপত্তা প্রটোকল অনুসারে বিকল্প পাইলট দায়িত্ব নেন।
যাত্রীদের অসুবিধার জন্য এয়ার ইন্ডিয়া দুঃখ প্রকাশ করেছে এবং তদন্ত চলাকালে সংশ্লিষ্ট পাইলটকে দায়িত্ব থেকে সরানো হয়েছে। সংস্থার নীতি অনুযায়ী কোনো অনিয়ম প্রমাণিত হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া, ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) দিল্লি-টোকিও রুটে কিছু ফ্লাইটের ক্ষেত্রে বিধি লঙ্ঘনের বিষয়ে এয়ার ইন্ডিয়ার ককপিট ক্রুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। পাইলটদের দুই সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।





