ভোলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামে এ সংঘর্ষ ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভোলা-২ আসনে জামায়াত প্রার্থী ফজলুল করিমের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন তার সমর্থকরা। এ সময় চৌকিদার বাড়ি এলাকায় পৌঁছালে টবগী ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ ও তার ভাইয়ের সঙ্গে একই ইউনিয়নের জামায়াত আমীর আব্দুল হালিমের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।