ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিম নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এ সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ২২ জানুয়ারি নির্বাচনী প্রচারণার প্রথম দিনে দৌলতখানে উপজেলা জামায়াতের নির্বাচনি কার্যালয় বন্ধ ছিল। এলাকায় গুঞ্জন ছিল, জামায়াত প্রার্থী নির্বাচনী লড়াইয়ে নামার জন্য ১০ দলীয় ইসলামী জোটের অনুমোদন পাননি।
শুক্রবার রাতে দৌলতখান উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা আশরাফ উদ্দিন ফারুক জানান, কেন্দ্রীয় ১০ দলের ইসলামী জোটের প্রার্থী ছাতা প্রতীকের এলডিপির মোখফার উদ্দিন চৌধুরীকে ভোলা-২ আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা আমাদের সাংগঠনিক কাজ চালিয়ে যাব, তবে নির্বাচনী লড়াইয়ে জোটের পক্ষ থেকে কোন সহযোগিতা চাইনি।”
বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামের আমীর ও আসন পরিচালক মাওলানা মাকসুদুর রহমান ফেসবুকে লিখেছেন, ১০ দলীয় ইসলামী জোটের কেন্দ্রীয় নীতিমালা এবং বৃহত্তর ইসলামী স্বার্থের কারণে তারা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এটি কোনো দুর্বলতা বা ভয় থেকে নয়, বরং সংগঠনের শৃঙ্খলা, উম্মাহর ঐক্য এবং আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেয়ার একটি প্রয়োজনীয় সিদ্ধান্ত।
তিনি আরও বলেন, “এই সিদ্ধান্তে কিছু হতাশা বা প্রশ্ন তৈরি হতে পারে। তবুও দৃঢ় বিশ্বাস রাখি, আল্লাহর নির্দেশে থাকা এবং আদর্শ ও ন্যায়ের সংগ্রাম চালিয়ে যাওয়া আমাদের দায়িত্ব।





