নোয়াখালী প্রতিনিধিঃ​নোয়াখালীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও তালাবদ্ধ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রবেশ করে ব্যানার টাঙানোর চেষ্টার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে জেলা শহরের মাইজদী টাউন হল মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় বিক্ষুব্ধ জনতা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এরপর থেকে কার্যালয়টির প্রধান ফটকে তালা ঝুলছিল। বুধবার ভোররাতে আকস্মিক একদল যুবক দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। তারা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং প্রধান ফটকে ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়’ লেখা একটি নতুন ব্যানার টাঙিয়ে দেন। এ সময় তাদের দলীয় স্লোগান দিতেও দেখা যায়।

ব্যানার টাঙানোর এই ঘটনার একটি ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং টাঙানো ব্যানারটি সরিয়ে ফেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, \"ভোররাতে কিছু লোক অবৈধভাবে কার্যালয়ে প্রবেশ করে ব্যানার টাঙানোর চেষ্টা করে। বিষয়টি নজরে আসার পরপরই অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে।\"

​তিনি আরও জানান, আটককৃতদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।