সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবন এলাকায় অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে ও শেষ শ্রদ্ধা জানাতে ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জড়ো হতে শুরু করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহসহ বিভিন্ন জেলা থেকে আসা মানুষ ভোর চারটা থেকেই সংসদ ভবন এলাকায় পৌঁছান। অনেককে কালো ব্যাজ পরে শোক প্রকাশ করতে দেখা গেছে।

জানাজাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তাজনিত কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের আশপাশে সাধারণ মানুষের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সরকারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের ঘোষণা দেওয়া হয়েছে। গার্ড অব অনারের জন্য প্রয়োজনীয় পুষ্পস্তবক ইতোমধ্যে জানাজাস্থলে আনা হয়েছে।