ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে এবার সাত দিনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১২ ফেব্রুয়ারির ভোট সামনে রেখে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মাঠে থাকবে। এ বিষয়ে বুধবার (৭ জানুয়ারি) একটি পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


পরিপত্রে জানানো হয়, ভোটের চার দিন আগে, ভোটের দিন এবং ভোটের পরবর্তী দুই দিন মিলিয়ে মোট সাত দিন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী দায়িত্ব পালন করবে।


এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা প্রায় পৌনে ১৩ কোটি। ৩০০ সংসদীয় আসনে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে আনুমানিক দুই লাখ ৬০ হাজার ভোটকক্ষ স্থাপন করা হবে।


প্রাথমিক সভায় প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ থেকে ১৮ জন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েনের পরিকল্পনার কথা জানানো হয়েছে। সব মিলিয়ে এবারের নির্বাচনে সাত লাখের বেশি সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন।


এর মধ্যে আনসার ও ভিডিপি সদস্য থাকবেন প্রায় সাড়ে পাঁচ লাখ। সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা হবে ৯০ হাজারের বেশি। পাশাপাশি পুলিশ, র‌্যাব, বিজিবি ও কোস্ট গার্ডও দায়িত্ব পালন করবে।


উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল ঘোষণার পর দুটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ প্রেক্ষাপটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, সচিবসহ রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিস এবং নির্বাচন অফিসগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়।


তফসিল ঘোষণার আগে দুই দফা এবং ঘোষণার পর বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। এর পরিপ্রেক্ষিতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত পরিপত্র জারি করে।