ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না এবং ভোটের ফল নির্ধারণ করবেন এ দেশের জনগণ—এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
বুধবার (২৮ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। মার্কিন রাষ্ট্রদূত জানান, নির্বাচনে যে দল বা জোটই জয়ী হোক না কেন, তাদের সঙ্গেই যুক্তরাষ্ট্র কাজ করবে।
নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে যান। সকাল ১১টা ৫০ মিনিটে বৈঠকটি শুরু হয়।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। মার্কিন প্রতিনিধি দলে আরও ছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ডেভিড মু ও ফিরোজ আহমেদ।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি বাংলাদেশে আসেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন।





