ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রিয়াজ।
বুধবার (২৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের জারি করা এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিশেষ করে গণভোট বিষয়ে ব্যাপক জনসচেতনতামূলক প্রচার চালানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।
সরকারের পক্ষ থেকে এ প্রচার কার্যক্রমের সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করবেন অধ্যাপক আলী রিয়াজ।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর অধ্যাপক আলী রিয়াজকে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতির দায়িত্বে ছিলেন।





