আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্র ও ভোটকক্ষের (বুথ) সংখ্যা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার বিকেলে চূড়ান্ত ভোটকেন্দ্র, বুথ, কর্মকর্তা ও ভোটারের সংখ্যা প্রকাশ করে ইসি। এর আগে গত বছরের অক্টোবরে ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হলেও নতুন করে আরও ১৮টি যুক্ত হওয়ায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৭৯টি। এবারের নির্বাচনে ভোটকক্ষের সংখ্যা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি।

ইসি জানিয়েছে, গড়ে প্রতি তিন হাজার ভোটারের জন্য একটি করে ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন পরিচালনায় মোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ৪২ হাজার ৭৭৯ জন প্রিসাইডিং কর্মকর্তা, ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং কর্মকর্তা হিসেবে কাজ করবেন।

একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটকেন্দ্র ও বুথের সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব। তিনি জানান, ব্যালট গণনায় স্বাভাবিক সময়ের তুলনায় বেশি সময় লাগতে পারে।

ইসি তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ১১ কোটি ৯৬ লাখ ভোটারের জন্য ৪২ হাজার ১৫০টি ভোটকেন্দ্র ও ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি বুথ ছিল। আর ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে ১০ কোটি ৪১ লাখ ভোটারের জন্য কেন্দ্র ছিল ৪০ হাজার ১৫৫টি এবং বুথ ছিল ২ লাখ ৫ হাজার ৬৯১টি।

বর্তমানে দেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।

নির্বাচন ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশি, ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ভোটের ব্যবস্থা করেছে ইসি।

ইসির তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রবাসী ভোটার ৭ লাখ ৭২ হাজার ৫৪৬ জন। প্রবাসী ভোটারদের কাছে ৭ লাখ ৬৭ হাজার ১৮৮টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

১৯৭২ সাল থেকে বাংলাদেশে পোস্টাল ভোটের ব্যবস্থা থাকলেও, তথ্যপ্রযুক্তিনির্ভর অনলাইন পোস্টাল ভোটিং ব্যবস্থা এবারই প্রথম চালু করা হয়েছে। গত ২১ জানুয়ারি থেকে জাতীয় সংসদ নির্বাচনের সাদা-কালো এবং গণভোটের গোলাপি রঙের ব্যালটে প্রবাসীদের ভোটগ্রহণ শুরু হয়েছে।

ইসি জানিয়েছে, প্রবাসী ভোটারদের ভোট দিতে কোনো ফি দিতে হচ্ছে না। তবে পোস্টাল ভোট ব্যবস্থায় প্রতিটি ব্যালটে কমিশনের খরচ হয়েছে প্রায় ৭০০ টাকা।

এছাড়া দেশে অবস্থানরত ৭ লাখ ৬১ হাজার ১৩৮ জন ভোটার ইন-কান্ট্রি পোস্টাল ভোট (আইসিপিভি) ব্যবস্থায় নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৬ হাজার ২৮৫ জন বর্তমানে আইনি হেফাজতে রয়েছেন।