ভেনেজুয়েলার সরকার অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র দেশটির বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে এবং এই ঘটনা ‘সরাসরি সামরিক আগ্রাসন’ হিসেবে আখ্যায়িত করেছে। শনিবার আলজাজিরার প্রতিবেদনে সরকারি বিবৃতির সত্যতা নিশ্চিত করা হয়েছে।


ভেনেজুয়েলার দাবি অনুযায়ী, রাজধানী কারাকাসসহ মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা অঙ্গরাজ্যের একাধিক স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। কারাকাস এই হামলাকে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত সামরিক অভিযান হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে।


সরকারি বিবৃতিতে আরও বলা হয়েছে, ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখল নেওয়ার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। তবে মাদুরো প্রশাসন হুঁশিয়ারি দিয়েছে, এই প্রচেষ্টা ব্যর্থ হবে।


পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সরকারের ভাষ্য অনুযায়ী, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।


অপর দিকে, যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার একাধিক স্থাপনায় হামলা চালানো হয়েছে, যার মধ্যে সামরিক স্থাপনাও রয়েছে। তবে সিবিএস জানিয়েছে, প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এই ঘটনার বিষয়ে সব প্রশ্ন হোয়াইট হাউসের কাছে পাঠিয়েছে।


এই ঘটনার ফলে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে চলমান উত্তেজনা আরও তীব্র রূপ নেওয়ায়েছে। এখনও পর্যন্ত হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতি বা হতাহতের নির্দিষ্ট তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।