ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিউইয়র্কে নেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। তিনি এই অভিযানকে যুদ্ধের শামিল আখ্যা দিয়ে বলেছেন, এটি আন্তর্জাতিক আইন ও যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনের সুস্পষ্ট লঙ্ঘন। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মেয়র মামদানি বলেন, ভেনেজুয়েলায় পরিচালিত অভিযানের বিষয়ে তাকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, একটি সার্বভৌম রাষ্ট্রের ওপর একতরফা হামলা যুদ্ধ হিসেবে বিবেচিত হয় এবং এটি ফেডারেল ও আন্তর্জাতিক আইন ভঙ্গ করে। তার মতে, শাসনব্যবস্থা পরিবর্তনের এই প্রকাশ্য চেষ্টা শুধু বিদেশে থাকা মানুষদের নয়, সরাসরি নিউইয়র্কবাসীর ওপরও প্রভাব ফেলবে। বিশেষ করে নিউইয়র্কে বসবাসকারী হাজার হাজার ভেনেজুয়েলার অভিবাসী এতে প্রভাবিত হবেন।
তিনি আরও বলেন, নিউইয়র্ক সিটির সব নাগরিকের পাশাপাশি ভেনেজুয়েলার কমিউনিটির নিরাপত্তা নিশ্চিত করাই তার প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্যে তার প্রশাসন পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজন অনুযায়ী দিকনির্দেশনা দেবে।
উল্লেখ্য, নিউইয়র্ক সিটিতে ভেনেজুয়েলার অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্য। গত তিন বছরে এই সংখ্যা দ্রুত বেড়েছে এবং অনেকেই স্থায়ীভাবে নিউইয়র্কে বসবাস শুরু করেছেন।





