যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের মাধ্যমে ভেনেজুয়েলার তেল উত্তোলন, বিক্রি ও অর্থের ব্যবহার অনির্দিষ্টকালের জন্য নিয়ন্ত্রণ করবে। এই সিদ্ধান্তের মাধ্যমে দক্ষিণ আমেরিকার দেশটির ওপর ওয়াশিংটনের প্রভাব আরও জোরদার হচ্ছে।
মার্কিন জ্বালানি বিভাগ জানিয়েছে, ভেনেজুয়েলার তেল ইতোমধ্যেই বৈশ্বিক বাজারে বিক্রি শুরু হয়েছে। বিক্রি থেকে প্রাপ্ত অর্থ প্রথমে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন আন্তর্জাতিক ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে এবং পরে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার জনগণের স্বার্থে ব্যবহার করা হবে।
প্রাথমিকভাবে ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল বিক্রির পরিকল্পনা রয়েছে এবং জ্বালানি বিভাগ বলছে, এই প্রক্রিয়া শিগগিরই শুরু হবে এবং অনির্দিষ্টকাল চলবে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বিক্রি থেকে প্রাপ্ত অর্থ কেবল যুক্তরাষ্ট্রে তৈরি পণ্য কেনার জন্য ব্যবহার করা হবে। এর মধ্যে রয়েছে কৃষিপণ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, যন্ত্রপাতি এবং ভেনেজুয়েলার বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো উন্নয়নের উপকরণ।
ট্রাম্প আরও বলেন, চুক্তির আওতায় প্রায় ২০০ কোটি ডলার মূল্যের অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রে রপ্তানি করবে ভেনেজুয়েলা। ফলে দেশের তেল রপ্তানি চীনের বদলে যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকবে এবং বড় ধরনের উৎপাদন হ্রাস এড়ানো সম্ভব হবে।
\r\nসূত্র: আল জাজিরা





