যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার ওপর দিয়ে আবারও বাণিজ্যিক উড়োজাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিনি বলেন, ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং খুব শিগ্রিই মার্কিন নাগরিকরা নিরাপদভাবে ভেনেজুয়েলা ভ্রমণ করতে পারবেন।


ট্রাম্প জানান, তিনি যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি এবং সামরিক নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন যেন এদিনের মধ্যেই ভেনেজুয়েলার আকাশসীমা খুলে দেয়া হয়। এই সিদ্ধান্ত কার্যকর হলে মার্কিন নাগরিকদের জন্য ভেনেজুয়েলায় যাতায়াতের পথ উন্মুক্ত হবে। তিনি বলেন, “খুব অল্প সময়ের মধ্যেই আমেরিকান নাগরিকরা ভেনেজুয়েলায় যেতে পারবেন এবং সেখানে নিরাপদ থাকবেন।”


এর আগে চলতি সপ্তাহে ট্রাম্প প্রশাসন কংগ্রেসকে জানিয়েছিল, ভেনেজুয়েলায় বন্ধ থাকা যুক্তরাষ্ট্রের দূতাবাস পুনরায় খোলার জন্য প্রাথমিক পদক্ষেপ শুরু করা হয়েছে। দক্ষিণ আমেরিকার দেশটির সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনার সম্ভাবনা যাচাইয়ের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।


সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আইনপ্রণেতাদের পাঠানো এক নোটিশে জানায়, নির্বাচিত কূটনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য পর্যায়ক্রমে অস্থায়ী কর্মী মোতায়েন করা হবে। ২০১৯ সালে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার কূটনৈতিক সম্পর্ক ভেঙে যাওয়ার পর দেশটিতে ভ্রমণে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছিল এবং মার্কিন নাগরিকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।


গত বছরের নভেম্বর মাসে ট্রাম্প বলেছিলেন, ভেনেজুয়েলার ওপর ও আশপাশের আকাশসীমা পুরোপুরি বন্ধ বলে বিবেচিত হওয়া উচিত। এরপর যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) পাইলটদের সতর্ক থাকার নির্দেশ দেয়। এর প্রেক্ষিতে বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স ভেনেজুয়েলায় ফ্লাইট বাতিল করে।


মার্কিন এয়ারলাইন্সের মধ্যে সর্বশেষ যে সংস্থা ভেনেজুয়েলায় ফ্লাইট চালাত, সেই আমেরিকান এয়ারলাইন্স ২০১৯ সালের মার্চে কার্যক্রম স্থগিত করেছিল। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা আগামী কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ভেনেজুয়েলায় সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার পরিকল্পনা করছে।