পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে ঢাকার মেট্রোরেলের চারটি স্টেশন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 দেয়াল, ফ্লোর ও টাইলসে দেখা গেছে ফাটল। এতে যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে—মূল কাঠামো অক্ষত রয়েছে, তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

এর মধ্যে বিজয় সরণি স্টেশনে ইলেক্ট্রিক কন্ট্রোল রুমের ফ্লোর ফেটে চৌচির। আস্তর দিয়ে আপাতত ঢেকে রেখেছে কর্তৃপক্ষ। খুলে পড়েছে দেয়ালের বেশ কিছু টাইলসও, যা মাস্কিন টেপ লাগিয়ে আটকে রাখার ব্যবস্থা করা হয়েছে।
 
একই অবস্থা কারওয়ানবাজার, মিরপুর ১০ ও পল্লবী স্টেশনে। দেয়াল ও ফ্লোরের একাধিক স্থানে ধরেছে ফাটল, যা নিয়ে শঙ্কিত যাত্রীরা।
তারা বলছেন, ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে এই অবস্থা হলে তো ভয়ের কারণ। ট্রেন চলাচলের সময় শক্তির কারণে তো দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। তাই চলাচল করাটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
 
তবে এমন ফাটলে মারাত্মক ঝুঁকি দেখছে না মেট্রোরেল কর্তৃপক্ষ। 

ডিএমআরটিডিপি লাইন ফাইভের প্রকল্প পরিচালক মো. আব্দুল ওহাব বলছেন, চলাচলের সময় প্রতিনিয়তই স্বাভাবিক কম্পন তৈরি হয় স্টেশন ও লাইনে, যা বিবেচনায় নিয়ে ডিজাইন করা হয়েছে এমআরটি ৬ লাইন।