বঙ্গোপসাগর, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর এবং ভুটানে হালকা মাত্রার তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) রাত ২টা ৫৯ মিনিটে বঙ্গোপসাগরে ৪ মাত্রার কম্পন রেকর্ড করা হয়। পরদিন বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪২ মিনিটে মণিপুরের নোনি জেলায় ৩ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এছাড়া বুধবার রাত ১১টা ৩২ মিনিটে ভুটানে ৩ মাত্রার কম্পন অনুভূত হয়।


মণিপুরের ভূমিকম্পটি স্থলভাগে হলেও মাত্রা কম থাকায় বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আর বঙ্গোপসাগরের ভূমিকম্পটি উপকূল থেকে দূরে হওয়ায় বাংলাদেশ বা ভারতের উপকূলীয় অঞ্চলে এর প্রভাব পড়েনি।


এদিকে মণিপুরে ভূমিকম্পের পর বাংলাদেশের সিলেট অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু দাবি ওঠে। তবে ঢাকা আবহাওয়া অফিসের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের পেশাগত সহকারী নিজাম উদ্দীন আহমেদ জানান, মণিপুর ও বঙ্গোপসাগরে ভূমিকম্প হয়েছে ঠিকই, কিন্তু উভয়টির মাত্রাই কম হওয়ায় এগুলো নিয়ে আলাদা বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।


তার ভাষায়, সাগরে মাঝে মাঝে ভূমিকম্প হওয়া স্বাভাবিক। ৭ মাত্রার কম্পন না হলে সুনামির ঝুঁকিও থাকে না।