বাংলাদেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই পাকিস্তান সফর করতে পারবেন। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে পাকিস্তানের সঙ্গে পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। চুক্তিটি পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে। ফলে পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরাও বিনা ভিসায় বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। বর্তমানে এমন চুক্তি আরও ৩১টি দেশের সঙ্গে রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময় পাচার হওয়া প্রায় ৪০ হাজার কোটি টাকা ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকসহ দেশীয় ও আন্তর্জাতিক সংস্থা এ বিষয়ে কাজ করছে, তবে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হতে কয়েক বছর লাগতে পারে। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকার এ ক্ষেত্রে আশানুরূপ অগ্রগতি দেখাতে সক্ষম হবে।
এ ছাড়া ২৫ আগস্ট রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কক্সবাজার সফরে যাবেন বলে জানান তিনি।
প্রেস সচিব আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রতিটি মন্ত্রণালয় নিজ উদ্যোগে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে; সংস্কার কমিশনের অপেক্ষায় বসে থাকেনি।





