দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইতোমধ্যে বিভিন্ন ছাত্র সংগঠন ও প্যানেল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে।
প্রকাশিত প্রাথমিক বৈধ প্রার্থী তালিকা অনুযায়ী, এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদে মোট ৪৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৪৮ জন প্রার্থী রয়েছেন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।
তথ্য অনুসন্ধানে জানা গেছে, ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা এসব প্রার্থীর মধ্যে প্রায় ২০ জন শিক্ষার্থী মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছেন। শুধু তাই নয়, কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট পাঁচ শতাধিক প্রার্থী মাদ্রাসাশিক্ষায় শিক্ষিত।
বিশ্লেষকদের মতে, ডাকসুর ইতিহাসে এবারই প্রথম এত বিপুলসংখ্যক মাদ্রাসাশিক্ষিত শিক্ষার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এটি ছাত্ররাজনীতির একটি নতুন ধারা ও বাস্তবতার প্রতিফলন।
ভিপি পদে মাদ্রাসাশিক্ষিতদের মধ্যে উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন—
ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান
ইসলামী ছাত্রশিবিরের প্রার্থী আবু সাদিক কায়েম
ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা
গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের
স্বতন্ত্র প্রার্থী জামালুদ্দীন খালিদ
ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইয়াসিন আরাফাত
এদের মধ্যে আবিদুল ইসলাম ও আবু সাদিক সবচেয়ে বেশি আলোচনায় আছেন। শিক্ষার্থীদের মতে, সাম্প্রতিক গণআন্দোলনে তাদের সক্রিয় অংশগ্রহণ তাদের জনপ্রিয়তা বাড়িয়েছে।
মাদ্রাসাশিক্ষিত প্রার্থীদের একজন বলেন, অতীতে পরিচয়ের কারণে বৈষম্য ও বাধার সম্মুখীন হতে হয়েছে। তবে এখন পরিস্থিতি বদলেছে। তারা মনে করেন, এই পরিবর্তন শিক্ষার্থী সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত। ২৬ আগস্ট বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ভোটগ্রহণ ৯ সেপ্টেম্বর এবং সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।
এবারের নির্বাচনে প্রথমবারের মতো হলে বাইরে ৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। মোট ৩৯ হাজার ৭৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, যার মধ্যে ছাত্র ২০,৮৭১ এবং ছাত্রী ১৮,৯০২ জন।





