ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৫ জন প্রার্থী। এ নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মো. আবু সাদিক (সাদিক কায়েম) ভিপি নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট, যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। তবে একই পদে তিনজন প্রার্থী শুধুমাত্র একটি করে ভোট পেয়েছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় সিনেট ভবনে ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, ভিপি পদে মো. সুজন হোসেন, রাকিবুল হাসান ও রাসেল হক শুধুমাত্র একটি ভোট পেয়েছেন এবং তাদের কোনো সমর্থন নেই।
জিএস পদে ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন এসএম ফরহাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট এবং প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৯৪৯ ভোট। এজিএস পদে জয়ী হয়েছেন মুহা. মহিউদ্দীন খান, ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে। এজিএস পদে ছাত্রদল প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট। এছাড়া আরও ২০ পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।
নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বড় কোনো ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ডাকসুর ৩৮তম নির্বাচন। এবারে ২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। ১৮টি হল সংসদের ২৩৪টি পদের জন্য লড়েছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।
মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ভোটার ছিলেন ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ভোটার ছিলেন ২০ হাজার ৯১৫ জন।





