ভারতীয় নাগরিকদের জন্য ভিসা সেবা বন্ধ করেছে বাংলাদেশ। সোমবার (২২ ডিসেম্বর) ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এ সিদ্ধান্ত কার্যকর করেছে। দূতাবাস সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
\r\nদীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছিল। পতিত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শত শত নেতা এবং কয়েকজন সাবেক সেনা কর্মকর্তাকে আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে ভারতের বিরুদ্ধে। পাশাপাশি গত দেড় দশক ধরে ফ্যাসিস্ট সরকারকে প্রকাশ্য সমর্থন দেওয়ার বিষয়টিও দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তোলে।
\r\nএরই ধারাবাহিকতায় গত ১২ ডিসেম্বর জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতা। গুরুতর আহত অবস্থায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর ১৮ ডিসেম্বর তিনি শহীদ হন। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
\r\nবিক্ষোভের অংশ হিসেবে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের সামনেও প্রতিবাদ হয়। ধারণা করা হচ্ছে, ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসী ও তার সহযোগীরা ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে। একই সময়ে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনেও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, উগ্রবাদী হিন্দু গোষ্ঠীর সদস্যরা দূতাবাস কমপ্লেক্সে প্রবেশ করে বাংলাদেশি হাইকমিশনারকে হত্যার হুমকি দেয়।
\r\nএ ঘটনায় ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব করে তীব্র প্রতিবাদ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাল্টা প্রতিক্রিয়ায় দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকেও তলব করে ভারতের সরকার।
\r\nএমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন ভারতীয়দের জন্য ভিসা সেবা বন্ধের ঘোষণা দিলো।





