ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা অংশ নিয়েছেন।


শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও তার স্ত্রী মানু ভার্মার আমন্ত্রণে এই বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করা হয়।


অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন উপস্থিত ছিলেন।


এ সময় হাইকমিশনার প্রণয় ভার্মা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে স্বাগত জানান। মিয়া গোলাম পরওয়ার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ভারতের জনগণের প্রতি শুভেচ্ছা জানান এবং তাদের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।


অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।