পেহেলগামে সাম্প্রতিক ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। সীমান্তে টানা কয়েকদিন ধরে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, যেকোনো সময় দুই দেশের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।
এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দেশের স্বার্থে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে। দলটি সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি নেতা ইমরান খানের মুক্তি দাবি করেছে এবং তার উপস্থিতি নিশ্চিত করে অবিলম্বে সর্বদলীয় বৈঠক আয়োজনের দাবি তুলেছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, সোমবার সিনেটে পিটিআইয়ের পক্ষ থেকে এই দাবি তোলা হয়। পার্লামেন্টে দলের প্রতিনিধি সিনেটর আলী জাফর বলেন, “রাজনৈতিক মতভেদ এখন গৌণ। জাতীয় সংকটে আমাদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। সর্বদলীয় সম্মেলনই বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে যুক্তিসংগত পদক্ষেপ। ইমরান খানের অংশগ্রহণ বিশ্বকে বার্তা দেবে—পাকিস্তান এক ও অভিন্ন।”
তিনি আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার ‘নাৎসি মানসিকতায়’ কাজ করছে। পাকিস্তানকে সন্ত্রাসবাদে জড়িত করার অভিযোগ ‘ভিত্তিহীন’ বলেও দাবি করেন তিনি। তার ভাষায়, “ভারত মিথ্যা অভিযোগে পাকিস্তানকে দোষারোপ করছে, অথচ আমাদের দেশই দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদের ভুক্তভোগী।”
\r\n\r\n\r\n\r\n
উল্লেখ্য, সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলায় প্রাণ হারান ২৬ জন। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটিই অঞ্চলটিতে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা। এই ঘটনার পর দুই দেশের কূটনৈতিক ও সামরিক সম্পর্ক আরও অবনতি ঘটেছে। সীমান্তে সেনাদের মধ্যে নিয়মিত গোলাগুলি চলছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।





