ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত কখনোই বাংলাদেশের সঙ্গে কোনো বিভেদ চাইবে না এবং প্রতিবেশী দেশের সঙ্গে উত্তেজনা তৈরি করার মনোভাবও রাখে না।
শুক্রবার (৭ নভেম্বর) ভারতের ‘নেটওয়ার্ক-১৮’ গ্রুপের এডিটর-ইন-চিফ রাহুল জোশির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। রাজনাথ সিং জানান, ভারত যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম, তবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই মূল লক্ষ্য। তিনি অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সতর্ক করে বলেন, মন্তব্য করার সময় যেন চিন্তাভাবনা করে কথা বলা হয়।
সম্প্রতি ভারতের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অধ্যাপক ইউনূস পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তাকে একটি বিকৃত মানচিত্রসহ উপহার পাঠিয়েছেন। তবে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং এই প্রতিবেদনকে ‘মিথ্যা ও কল্পনাপ্রসূত’ দাবি করে নাকচ করেছে। তারা জানিয়েছে, আসলে পাকিস্তানি জেনারেলকে গ্রাফিতির বই উপহার দেওয়া হয়েছে, বিকৃত মানচিত্র নয়।
২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতিত হওয়ার ফলে ভারত-বাংলাদেশের সম্পর্ক কিছুটা শীতল হয়ে আসে। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তবে ক্ষমতায় আসার পর তাঁর কিছু মন্তব্য ভারত ইতিবাচকভাবে নেয়নি বলে বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।





