বাজারে স্থিতিশীলতা ধরে রাখতে সরকার সিঙ্গাপুরভিত্তিক একটি সরবরাহকারীর মাধ্যমে ভারত থেকে নন-বাসমতি চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। সোমবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, চালের দাম কিছুটা স্থির থাকলেও আবার বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। দাম যেন আর না বাড়ে, সে জন্য নন-বাসমতি চাল আমদানি করা হবে। সরবরাহকারী সিঙ্গাপুরের হলেও চালটি ভারত থেকেই আসবে। মান, সময়মতো সরবরাহ এবং প্রতিযোগিতামূলক দাম বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অর্থ উপদেষ্টা আরও বলেন, ডিসেম্বরের মধ্যে সরকার সংশোধিত বাজেট প্রস্তুত করতে চায়। গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে আয়োজন করায় ব্যয় বাড়বে, তবে নির্বাচনসংক্রান্ত বাজেট এখনো খোলা রাখা হয়েছে। অন্যান্য মন্ত্রণালয়কে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যয়ের প্রস্তাব দিতে বলা হয়েছে।
তিনি জানান, জানুয়ারির মধ্যে সংশোধিত বাজেট প্রস্তুত রেখে তা পরবর্তী সরকারের জন্য উপস্থাপন করা হবে। নির্বাচনের ব্যয় তফসিল ঘোষণার পর আর বাড়বে না, শুধু জরুরি বা অনাকাঙ্ক্ষিত খরচের জন্য কিছু বরাদ্দ থাকতে পারে।
গণভোট ও নির্বাচন একই দিনে আয়োজনকে চ্যালেঞ্জ হিসেবে স্বীকার করলেও তিনি এর পক্ষে মত দেন। সালেহউদ্দিন বলেন, দুই দিনে নির্বাচন করলে লজিস্টিক ও জনবল ব্যবস্থাপনায় বড় চাপ পড়বে, তাই একদিনেই অনুষ্ঠান করা বেশি বাস্তবসম্মত। অনেক দেশেই গণভোট ও নির্বাচন একই দিনে হয় বলেও তিনি উল্লেখ করেন।
এদিন বৈঠকে সার, পরিশোধিত তেল আমদানিসহ তিনটি সড়ক নির্মাণের অনুমোদন দেওয়া হয়।





