বাংলাদেশ ক্রিকেট দলকে আসন্ন বিশ্বকাপে অংশ নিতে হলে ভারতে যেতে হবে—এ ধরনের কোনো নির্দেশনা আইসিসি থেকে আসেনি। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বুধবার সকালে এক সাক্ষাৎকারে তিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনের ভিত্তিহীন ও মিথ্যা দাবি উড়িয়ে দেন। বুলবুল বলেন, আইসিসি কখনোই জানায়নি যে ভারতে না গেলে পয়েন্ট কাটা হবে বা বাংলাদেশকে ওয়াকওভার দিতে হবে। ব্যক্তিগতভাবে আইসিসির একাধিক কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে এবং বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, “আইসিসি জানতে চেয়েছে আমরা কেন ভারতে যাচ্ছি না। আমরা ইতোমধ্যে আমাদের ইমেইলে নিরাপত্তাজনিত উদ্বেগের বিষয়টি জানিয়েছি। গতকাল রাতে আইসিসি সেই উদ্বেগের পূর্ণাঙ্গ বিবরণও চেয়েছে।”
বিসিবি সভাপতি পরিষ্কার করেন, ভারতের মাটিতে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগের সুনির্দিষ্ট কারণগুলো শীঘ্রই আইসিসিকে জানানো হবে। এই ব্যাখ্যার ভিত্তিতে আইসিসি পরবর্তী সিদ্ধান্ত নেবে। হঠাৎ কোনো সিদ্ধান্ত চাপানো হয়েছে এমন খবর কেবল গুজব।
মূলত মধ্যরাতে ক্রিকইনফোর একটি প্রতিবেদনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ায়। প্রতিবেদনে দাবি করা হয়েছিল, আইসিসি বাংলাদেশের নিরাপত্তাজনিত উদ্বেগ প্রত্যাখ্যান করেছে এবং বিশ্বকাপে অংশ নিতে হলে ভারতকে ভেন্যু হিসেবে মেনে নিতে হবে। তবে বিসিবির একাধিক পরিচালক ও সিইও জানান, এ ধরনের কোনো বার্তা আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আসেনি।
বিসিবি বলেছে, খেলোয়াড়দের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ভারতের বর্তমান পরিস্থিতিতে খেলাধুলার পরিবেশ নিয়ে উদ্বেগ থাকায় আইসিসির সঙ্গে আলোচনা চলমান। চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিভ্রান্তিকর খবরের প্রতি কোনো মনোযোগ না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।





