ভারতের উত্তরাখণ্ডে পুলিশের ‘অপারেশন কালানেমি’ অভিযান চলাকালীন ১৪ জন ভণ্ড বাবা গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। এরা ধর্মের নামে প্রতারণা চালিয়ে মানুষকে ভুল পথে প্ররোচিত করতেন। এনডিটিভি সোমবার (৮ সেপ্টেম্বর) পুলিশ সূত্রে এ তথ্য জানিয়েছে।
পুলিশের ইন্সপেক্টর জেনারেল নিলেশ আনন্দ ভরনে সাংবাদিক সম্মেলনে বলেন, এ অভিযানের মাধ্যমে ৫ হাজার ৫০০ মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ১৮২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উত্তরাখণ্ড পুলিশ জুলাই মাসে অভিযান শুরু করে। আগস্টে রাজ্যের ৪ হাজার মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ‘অপারেশন কালানেমি’ অধীনে ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়। হরিদ্বারে ২ হাজার ৭০৪ জন যাচাই করার পর তিনজনকে, আর দেরাদুনে ৯২২ জন যাচাই করার পর পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
আইজিপি জানান, অভিযানটি তেহরি, পাউরি, আলমোড়া, নৈনিতালসহ অন্যান্য জেলাতেও চলবে। অভিযানের লক্ষ্য হলো “দেবভূমির পবিত্র ভাবমূর্তি” অক্ষুণ্ণ রাখা। গ্রেপ্তারকৃত বাংলাদেশি নাগরিকটি গত আট বছর ধরে ভুয়া কাগজপত্রের মাধ্যমে সেলাকুই এলাকায় ‘অমিত কুমার’ নামে পরিচিত ছিলেন।
এছাড়া কাশ্মীরের অনন্তনাগের বাসিন্দা ইফরাজ আহমেদও গ্রেপ্তার হয়েছেন। তিনি নিজ ধর্ম গোপন রেখে দিল্লির ধনী একজন ব্যক্তি ‘রাজ আহুজা’ পরিচয়ে নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার অভিযোগে অভিযুক্ত।





