ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে জেলার ইন্দ্রায়ণী নদীর ওপর একটি পুরনো সেতু ধসে পড়েছে। এতে এখন পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ১৫-২০ জন, যাদের বেশিরভাগই পর্যটক বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। আহত হয়েছেন আরও অন্তত ৩২ জন; এর মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (১৫ জুন) পুণের পিম্পরি-চিঞ্চওয়াড় থানার অন্তর্গত কুন্দমালা গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, প্রায় ৩০ বছর পুরনো সেতুটি ভেঙে পড়ার সময় বহু মানুষ সেখানে অবস্থান করছিলেন। ধসের সঙ্গে সঙ্গে তারা নদীতে পড়ে যান এবং স্রোতের তোড়ে অনেকে ভেসে যান।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযানে নামে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), পুলিশ ও ফায়ার সার্ভিস। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস এক্সে দেওয়া বার্তায় জানান, “নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে। উদ্ধারকারীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে।”

স্থানীয় সূত্রে জানা যায়, ইন্দ্রায়ণী নদীর এই সেতুটি পর্যটকদের জন্য একটি জনপ্রিয় স্থান। বর্ষাকালে নদীতে খরস্রোত দেখতে সেখানে ভিড় করেন অনেকে। যদিও সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল এবং প্রশাসন এর ওপর যান চলাচল বন্ধ করে দিয়েছিল।

গত কয়েক দিন ধরে পুনে ও পিম্পরি-চিঞ্চওয়াড় এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর এ অঞ্চলে কমলা সতর্কতা জারি করেছে। অনুমান করা হচ্ছে, টানা বৃষ্টির কারণে পানির প্রবল তোড়ে সেতুটি ধসে পড়ে।

উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে। নিখোঁজদের জীবিত উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।