ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেন, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া সরকারের সিদ্ধান্ত। সেখানে বাংলাদেশ দলের ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে, যা নতুন কোনো আশঙ্কা নয়। বৈঠকে ক্রিকেটারদের বিস্তারিতভাবে জানানো হয়েছে, কী কারণে বাংলাদেশ এই সিদ্ধান্তে অনড় রয়েছে।

নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই আইসিসির কাছে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ করেছিল। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়ে দেয়, বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতে খেলতেই হবে।

এরপর সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় আইসিসি। তবে শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে আসেনি বাংলাদেশ।

ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে আসিফ নজরুল গণমাধ্যমকে বলেন, সবাই চেয়েছিল বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিক। কিন্তু ভারতে খেলার ক্ষেত্রে যে নিরাপত্তা ঝুঁকি রয়েছে, তাতে কোনো পরিবর্তন আসেনি। এই ঝুঁকি কোনো অনুমানভিত্তিক ধারণা নয়, বরং বাস্তব ঘটনার ভিত্তিতেই তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে আইসিসি বাংলাদেশের প্রতি সুবিচার করেনি। তবে তিনি আশা প্রকাশ করেন, আইসিসি বিষয়টি পুনর্বিবেচনা করে বাংলাদেশকে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার সুযোগ দেবে।