মহারাষ্ট্রের কল্যাণে একটি কলেজে তিন মুসলিম ছাত্রকে নামাজ পড়ার সময় চরম অপমান ও লাঞ্ছিত করা হয়েছে। অভিযোগ, হিন্দু উগ্রপন্থিরা ছাত্রদের ভিডিও ধারণ করে অনলাইনে ছড়িয়ে দিয়েছে এবং ‘হিন্দু অনুভূতিতে আঘাত’ হয়েছে বলে দাবি করে। পরে তারা ছাত্রদের ক্ষমা চাইতে এবং ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তির সামনে মাথা নত করে প্রণাম করতে বাধ্য করে।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, পুলিশ ঘটনাস্থলে থাকা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি। চরমপন্থিরা ছাত্রদের ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকে এবং হুমকি প্রদান করে। স্থানীয় মুসলিমরা অভিযোগ করেছেন, পুলিশ সংখ্যালঘুদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে।
মহারাষ্ট্রের মুসলিম সংগঠনগুলো বলছে, কল্যাণের ঘটনা মুসলিমদের ওপর সংগঠিত নিপীড়নের অংশ। এর আগে পুনেতে নামাজ পড়ার সময় মুসলিম নারীদের ওপরও হামলা চালানো হয়েছিল। মুম্বাইয়ের সমাজকর্মীরা বলছেন, এ ধরনের ঘটনার কারণে শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
অন্যদিকে, পাকিস্তান ভারতের অযোধ্যায় রাম মন্দিরে পতাকা উত্তোলনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের ইসলামোফোবিয়া ও সংখ্যালঘুদের ওপর নিপীড়ন আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য সতর্কতার বিষয়।





